সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

কুমিল্লা কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গেই পাপিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

যুব মহিলা লীগের নরসিংদী জেলা কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সাধারণ ওয়ার্ডেই রাখা হয়েছে। হাজতিকে নির্যাতনের ঘটনায় পাপিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কুমিল্লা কারাগারে যেন কাশিমপুরের মতো ঘটনা না ঘটে, সেজন্য পাপিয়াকে বিশেষ নজরে রাখা হবে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ জুলাই) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রুনা নামের এক হাজতিকে নির্যাতন করার অভিযোগে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর ভাই।

পরে দুটি তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়া গেলে সোমবার পাপিয়াকে কুমিল্লা কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাকে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে একটি প্রিজনভ্যান কুমিল্লায় এসে পৌঁছায়।

যেহেতু মারধরের ঘটনায় পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লায় স্থানান্তর করা হয়েছে- সেজন্য তার বিষয়ে বাড়তি কোনো নিরাপত্তা রাখা হবে কিনা এ প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, পাপিয়াকে সাধারণ কয়েদিদের সঙ্গেই সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। এখানে অন্য বন্দিরা যেভাবে থাকেন তিনিও সেভাবেই থাকবেন।

তবে কুমিল্লা কারাগারে যেন কাশিমপুরের মতো ঘটনা না ঘটে সেজন্য আমরা সতর্ক থাকব।
কুমিল্লা কারাগারে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় কারাগারে আনার পরই পাপিয়াকে নারী ওয়ার্ডে রাখা হয়। কুমিল্লা কারাগারে দুটি নারী ওয়ার্ড রয়েছে। ছোটটিতে গর্ভবতী ও সন্তানসহ নারী বন্দিদের রাখা হয়।

আর বড়টিতে রাখা হয় অন্যদের। সেখানে প্রায় অর্ধশত বন্দি থাকতে পারেন। এই ওয়ার্ডেই পাপিয়া সোমবার রাত পার করেছেন। অন্য কয়েদিদের সঙ্গেই তাকে রাখা হয়েছে। অন্য সবার মতো তার খাবার, ঘুমানোসহ সব ব্যবস্থা ছিল একই নিয়মে।

২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেলবিধি অনুযায়ী পাপিয়াকে ‘রাইটার’ হিসেবে কাশিমপুর কারাগারে দায়িত্ব দেওয়া হয়। এদিকে নথি চুরির একটি মামলায় শিক্ষানবিস আইনজীবী রুনা লায়লাকে গত ১৬ জুন কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। কারাগারের সাধারণ ওয়ার্ডে নেওয়ার পর দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রন তার কাছে সাত হাজার ৪০০ টাকা পান। ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তার সহযোগী কয়েদিরা গত ১৯ জুন রুনার ওপর অমানবিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ তার পরিবারের। এক পর্যায়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় রুনাকে মেঝেতে ফেলে রাখা হয়। এনিয়ে কারাগারের ভেতরে কেস টেবিল বা সালিশ বসে। সেখানে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন বন্দি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। পরবর্তীতে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন রুনার পরিবার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD