বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

কেনের স্বস্তির গোল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

 

হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন হ্যারি কেন। ইংলিশ স্ট্রাইকার ছয় মাস পর মাঠে ফিরেছেন গেল শুক্রবার। কিন্তু তার ফেরাটা সুখের হয়নি। পুরো দেড় ঘণ্টা খেললেও টটেনহাম অধিনায়ক ছিলেন নিষ্প্রভ। তার দলও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।

ম্যাচ শেষে কেনের পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনায় মেতে ওঠেন নিন্দুকেরা। শিষ্যের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন প্রধান কোচ হোসে মরিনহো। সমালোচকদের ধুয়ে দিয়েছেন পর্তুগিজ কোচ। এর ঠিক পরের ম্যাচেই গুরুর আস্থার প্রতিদান দিলেন কেন। সমালোচকদের দাঁতভাঙা জবাব দিয়ে ইংলিশ স্ট্রাইকার করেছেন গোল।

মঙ্গলবার রাতে কেনের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়েস্টহাম ইউনাইটেডকে হারিয়েছে টটেনহাম। ইংলিশ লিগের চলতি আসরে এটা উত্তর লন্ডনের ক্লাবটির দ্বাদশ জয়। এই জয়ে লিগ টেবিলের সাতে উঠে এলো মরিনহোর দল। ৩১ ম্যাচে স্পার্সদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে ছয় ও পাঁচে আছে উলভারহ্যাম্পটন ও ম্যানচেস্টার ইউনাইডেট। চারে থাকা চেলসির পয়েন্ট ৫১।

ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে ৮২ মিনিটে কাঙ্খিত গোলটি করেছেন কেন। তার এই গোলেই নিশ্চিত হয়ে যায় টটেনহামের জয়। কারণ কেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে টটেনহাম। স্পার্সদের অন্য গোলটা এসেছে উপহারসূচক আত্মঘাতী থেকে। ৬৪ মিনিটে নিজেদের জালে বল জড়ান টমাস সুচেক। ইংলিশ লিগের চতুর্থ চেক (প্রজাতন্ত্র) ফুটবলার হিসেবে আত্মঘাতী গোল করলেন তিনি।

এই গোলটাই আশীর্বাদ হয়ে এসেছে টটেনহামের জন্য। নির্ভার হয়ে খেলতে পেরেছে স্পার্সরা। পরে গোল পেয়েছেন কেন-ও। ইংলিশ স্ট্রাইকারের গোলে ফেরার রাতে সাত ম্যাচ পর জয়ে ফিরল টটেনহাম। সেরা চারে ওঠার লড়াইটাও জমে উঠল তাতে।টটেনহাম আশা বাঁচিয়ে রাখল আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের। স্বাভাবিকভাবেই জয়টা খুব দরকার ছিল লন্ডনের ক্লাবটির।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD