ডেস্ক রিপোর্ট : করোনার ভ্যাকসিন দেওয়া শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলে ১০ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটাই বিশ্বজুড়ে ভ্যাকসিন দেওয়ার সর্বোচ্চ হার। দেশটিতে প্রতি ১০০ জনের মধ্যে ১১ দশমিক ৫ জনকে এই ভ্যাকসিন প্রদান করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাহরাইনে ভ্যাকসিন দেওয়ার হার ৩ দশমিক ৪৯ শতাংশ। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। এ দেশটিতে ভ্যাকসিন দেওয়ার হার ১ দশমিক ৪৭।
বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিনের ওপর নজর রাখা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট তুলে ধরেছে এই পরিসংখ্যান। এতে কেবল ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া দেশগুলোর তথ্য তুলে ধরা হয়েছে। এ পর্যন্ত বিশ্বে যে সকল ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন করা হয়েছে তা এক সপ্তাহেরও বেশি সময়ের ব্যবধানে দুটো ডোজ প্রদান করতে হবে। ওয়েবসাইটটি বলছে, ফ্রান্সে ৩০ ডিসেম্বর পর্যন্ত মাত্র ১৩৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে করোনায় ১৮ লাখেরও বেশি মানুষের প্রাণহানি হওয়া আমেরিকার লক্ষ্য ছিল, ২০২০ সালের মধ্যে দেশটিতে দুই কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু দেশটিতে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২৮ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

ইসরায়েলের এগিয়ে থাকার কারণ
১৯ ডিসেম্বর থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ইসরায়েলে। দেশটিতে প্রতিদিন দেড় লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেখানে ষাটোর্ধ মানুষ ছাড়াও স্বাস্থ্যকর্মী এবং যে সকল মানুষ ঝুঁকির আওতায় তাদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। করোনাভাইরাস বিশ্বে বিস্তার করার পরই ভ্যাকসিনের জন্য ফাইজার-বায়োঅ্যানটেকের সাথে সমঝোতা করে ইসরায়েল। এরপর ধারাবাহিকভাবে ফাইজারের ভ্যাকসিনের চালান নিশ্চিত করে দেশটি। ভ্যাকসিনটি মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।
আরও পড়ুন :
আগামী দু’দিন রাতের তাপমাত্রা আরো বাড়বে!
ধুনটে ৫ হাজার শিক্ষার্থী পাঠ্যবই বঞ্চিত
বাড়লো মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময়
ফ্রান্সের পিছিয়ে থাকার কারণ
২৭ ডিসেম্বর ভ্যাকসিন দেওয়া শুরু হয় ফ্রান্সে। বছরের শেষ নাগাদ পর্যন্ত দেশটি ১৩৮ জনকে ভ্যাকসিন প্রদান করতে পারে। তবে জার্মানিতে ডিসেম্বরের শেষ পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটি সমস্যাও রয়েছে। ভ্যাকসিনের কার্যকারিতার ব্যাপারে নিরাশা দেখা যাচ্ছে মানুষের মাঝে। এ ব্যাপারে ১৫টি দেশে জরিপ চালানো হয়। এতে দেখা যায়, ফ্রান্সের মাত্র ৪০ শতাংশ মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য আগ্রহী। তবে চীনে এই হার দ্বিগুণ অর্থাৎ ৮০ শতাংশ, ব্রিটেনে ৭৭ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৬৯ শতাংশ।
ভারতের অবস্থান
ভারতে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য এক কর্মসূচির মহড়া অনুষ্ঠিত হয়েছে। দেশটির সরকার প্যানেলের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। বছরের মাঝামাঝি নাগাদ ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে সরকারের। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলছেন, ভ্যাকসিন দেওয়ার মহড়ায় হাজার হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে একত্র করা হচ্ছে। এর পেছনে মূল উদ্দেশ্য হলো দক্ষতা সৃষ্টি করা এবং ভ্যাকসিন প্রদানের সময় যেন কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়।
ভারতে মহামারি করোনাভাইরাসে প্রয় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা এক কোটিরও বেশি। আক্রান্ত সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। সূত্র : বিবিসি বাংলা।
লাইটনিউজ