নব্বই দশকের নন্দিত চিত্রনায়িকা শাবনূর তিন বছর পর দেশে ফিরেছেন। এবার দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘মাতাল হাওয়া’। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আর এতে তার বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। গতকাল ছিল
শাবনূরের জন্মদিন। এদিন শাবনূরকে নিয়ে নতুন সিনেমার কথা সবার সামনে আনেন নির্মাতা। শাবনূর বলেন, ‘মাতাল হাওয়া’র গল্প খুব সুন্দর। তাতে আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। এ কারণেই ছবিটি করা হচ্ছে।
শাবনূর আরও বলেন, অভিনয়ের প্রস্তাব তো নিয়মিতই পাই। কিন্তু সব গল্প ও চরিত্র একইসঙ্গে পছন্দ হয় না। আবার দেখা যায় গল্প-চরিত্র পছন্দ হলে অন্য বিষয়গুলো মিলে না। আবার পরিচালক-প্রযোজক ঠিকঠাক হলে গল্পে ভরসা পাই না। এবার সবকিছু সোনায় সোহাগা হয়েছে।