চাকরিচ্যুতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা (রিভিউ) করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জানাবেন সংস্থাটির উপসহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন। তিনি আশা প্রকাশ করেছেন- তার পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে কমিশন তাকে দেশের জন্য আবারও কাজ করার সুযোগ দেবেন। আবেদন মঞ্জুর না হলে তিনি প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন বলেও জানান।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে এসব পরিকল্পনার কথা জানান চাকরিচ্যুত শরীফ উদ্দিন।
তিনি জানান, দুদুক যেসব অভিযোগ তুলেছে, তা প্রমাণের আগেই আমাকে শেষ করে দিলে দুর্নীতিবাজদের জয়জয়কার হবে। নিজের কাজে কোনো অস্বচ্ছতা নেই।
চট্টগ্রামের অভিযানে জব্দ করা টাকার বিষয়ে তিনি বলেন, ‘এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা হয়েছিল। পটুয়াখালীতে গিয়ে কোনো ধরনের অপারেশন করিনি। চট্টগ্রামে আমার কাছে চাঞ্চল্যকর ১৩০টি নথি ছিল, অফিসের ছয়টি আলমারিতে ভরা রয়েছে সেসব আলামত। তবে এই ফাইলগুলো বুঝিয়ে দেওয়ার জন্য কোনো আদেশ তাকে দেওয়া হয়নি। আর পটুয়াখালীতে চলে যাওয়ার পরও এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অথচ এই ফাইল বুঝিয়ে না দেওয়ার অভিযোগে আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলো। আবার একই আদেশে ফাইল হস্তান্তরের কথা বলা হয়েছে। অথচ তার আগেই সব নথি সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দিয়েছি।
শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ঘটনা নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমনকি তার সহকর্মীরা শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। তাদের দাবি, শরীফ উদ্দিন একজন সৎ কর্মকর্তা। বিনা নোটিশে তাকে চাকরিচ্যুত করতে পারে না দুদক।
কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে প্রায় তিন লাখ কোটি টাকার ৭২টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে তিনটি প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি নিয়ে অনুসন্ধান করেছিলেন শরীফ উদ্দিন। তিনি প্রকল্পের সঙ্গে জড়িত সরকারের কয়েকজন আমলাসহ দুই ডজন কর্মকর্তা, প্রভাবশালী ও প্রকল্পসংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন। তার সহকর্মীদের দাবি- ওই সুপারিশই কাল হয়েছে শরীফ উদ্দিনের। তার কাছ থেকে ফাইল নিয়ে অন্য কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে সরিয়ে পটুয়াখালীতে বদলি করা হয়েছে। বিষয়টি এ পর্যন্ত হলে মানা যেত। কোনো ধরনের নোটিশ ছাড়া গত বৃহস্পতিবার তাকে চাকরিচ্যুত করা হয়, যার প্রতিবাদে কর্মকর্তারা বিক্ষোভে ফেটে পড়েন। চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার ও যে ধারা অনুয়ায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, সেই ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সংস্থাটির তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া চারশতাধিক কর্মকর্তা প্রতিবাদে গণস্বাক্ষর করেছেন।
শরীফ উদ্দিন বলেন, তার বিরুদ্ধে যত অভিযোগ আছে, সবগুলোর জবাব দিতে তিনি প্রস্তুত। তাকে সেই সুযোগ দেওয়ার জন্য কমিশনের প্রতি অনুরোধ জানান।