সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নে চাচার ঘুষিতে সালামত উল্লাহ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের তারা পাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সালামত উল্লাহ ওই বাড়ির রবিউল আলমের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটায় বালু ভরাটের কাজ শুরু করেন। ওই সময় তার চাচা কাউছার এসে জিজ্ঞাসা করেন কেন বালু ভরাট করা হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালামতের বাবা রবিউল আলম বলেন, সকালে আমার ছেলে বালু ভরাটের জন্য বাড়ির সামনে আসে। কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তি বণ্টন হয়নি। বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে মামলা আছে। কিন্তু কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে রমজান মাসে আমার ছেলেকে এভাবে মেরেছে। সে আর বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া জানান, সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটায় বালু ভরাটের কাজ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তাদের অনেক দিন যাবত জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। কেউ বলছে কাউছারের ঘুষিতে সালামতের মৃত্যু হয়েছে। আবার কেউ বলছে বাগবিতণ্ডার একপর্যায়ে সে স্ট্রোক করেছে। কোনটা সঠিক পুলিশ তদন্ত করলে বোঝা যাবে।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাঈর সৈয়দ বলেন, এ ঘটনায় সালামতের মরদেহ উদ্ধার করা হয়। কাউছারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD