মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তবে দুজনই পুরুষ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের উপর আছড়ে পড়ে বিপরীত পাশে ঢাকামুখী একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়েছেন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুধু চান্দিনা সরকারি হাসপাতালে ৭ জন আহত রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা) যানজট ছিল।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD