সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে ১০০ জন করা হচ্ছে: মাহ্‌দী আমিন তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাবে তোলপাড় রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান ২৩ শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ প্রলয়ংকরী যুদ্ধ হলেও অটল থাকবে ইরান

‘চাপ বা জবরদস্তি’ নয় কূটনীতিই একমাত্র সমাধানের পথ: আব্বাস আরাগচি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধানে ‘চাপ বা জবরদস্তি’ নয় কেবল কূটনৈতিক পথেই সম্ভব বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য করেন।

সামাজিক মাধ্যমে তিনি বলেন, ‘আমাদের শর্তগুলো স্পষ্ট। যে শর্তগুলো পূরণের ওপর নির্ভর করছে হরমুজ প্রণালি পুনরায় চালু করা। চলমান অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান।’

গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরান একটি শান্তি প্রস্তাব দেয়, যা কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানায় তেহরান। তবে ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেন, ইরান ‘খুব খারাপভাবে হারছে’ বলেই দ্রুত চুক্তিতে যেতে চাইছে, আর সে কারণেই তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

তবে আরাগচির দাবি, মধ্যস্থতাকারীরা এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের বার্তা ইরানকে জানায়নি। তিনি বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের কাছ থেকে চূড়ান্ত অবস্থান জানার অপেক্ষায় আছি। সেটির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধে চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে সন্দিহান যে ইরান তার শর্ত মানবে। এমনকি তিনি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে সামরিক হামলার সম্ভাবনাও দেখছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, এক মার্কিন কর্মকর্তা এর আগে বলেছিলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ হয়েছে। একই সঙ্গে ইরান সৌদি আরবের সঙ্গেও যোগাযোগ করেছে, যা এই দীর্ঘমেয়াদি সংঘাতের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

আরাগচি বলেন, প্রস্তাবটি কার্যকর হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আঞ্চলিক লড়াইয়ে বিরতি আনা সম্ভব। যুক্তরাষ্ট্র সম্মত হলে পরবর্তী সময়ে পারস্পরিক বিষয়ে বিস্তৃত আলোচনাও শুরু হতে পারে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না তেহরান। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা তা দেশ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তারা কোনো আপস করবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আলোচনায় প্রস্তুত থাকলেও ‘চাপ বা জবরদস্তি’ মেনে নেবে না। তার ভাষায়, ‘ইরান যুদ্ধ চায় না, তবে হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে।

ইরান ও তার মিত্ররা পাল্টা আঞ্চলিক সংঘাত বাড়িয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আর ইয়েমেনে তাদের মিত্র হুথিরা সৌদি স্বার্থে আঘাত হেনেছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, শনিবার ভোরে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD