বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ছক্কা হাঁকিয়ে নিজের গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙলেন কেভিন ও’ব্রিয়েন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

ছক্কা পেয়ে খুশি হন না। এমন ক্রিকেটার খুঁজে পাওয়া যাবে না। ছক্কা যদি হয় বিশাল। স্টেডিয়ামের গ্যালারি ছাড়িয়ে বল উড়ে চলে যায় বাইরে। তাহলে তো আনন্দের সীমা থাকে না ব্যাটসম্যানের। ক্রিকেট প্রেমীরা যে এমন ছক্কার মার উপভোগ করার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেন সব সময়।

কেভিন ও’ব্রিয়েনও তেমন বহুল কাঙ্ক্ষিত ছক্কা হাঁকিয়েছেন ডাবলিনে। ছক্কাটা দেখে শুরুতে মাঠে উপস্থিত সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে মজা পেয়েছেন কেভিন ও’ব্রিয়েনও।

কিন্তু খেলা শেষে মাঠের বাইরে গিয়ে মনটা ঠিকই খারাপ হয়েছে কেভিন ও’ব্রিয়েনের। সঙ্গে হয়েছেন যারপরনাই অবাক। তার তাজ্জব বনে যাওয়াটাই স্বাভাবিক। কার পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙা দেখে সন্দেহ নেই ভড়কেই গিয়েছিলেন। এমনটা হওয়াই স্বাভাবিক। অপরাধী যে কেভিন ও’ব্রিয়েন নিজেই! সেই বিশাল ছক্কার বল উড়ে এসে যে ভেঙে দিয়েছে তার গাড়ির পিছনের কাচ।

গাড়ির অবস্থা দেখে কেভিন ও’ব্রিয়েন নিশ্চিত ধন্দে পড়ে গিয়ে ছিলেন। ছক্কা হাঁকানোর খুশিতে মাতবেন নাকি বড় খরচের পাল্লায় পড়ে বিলাপ করবেন। তবে সে যাই হোক টক-ঝাল-মিষ্টি অনুভূতিটা বেশ জমিয়েই উপভোগ করেছেন এ তারকা আইরিশ ব্যাটিং অলরাউন্ডার।

৩৭ বলে কেভিন ও’ব্রিয়েনের ৮২ রানের মারকুটে ব্যাটিং স্কোরে ক্রিকেট আয়ারল্যান্ড ইন্টার-প্রোভিনসিয়াল টি-টোয়েন্টি ট্রফির ম্যাচটি জিতে নিয়েছে তার দল লেইনস্টার লাইটিনিং। নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে তার আট ছক্কার একটি ছিটকে গিয়ে পড়ে পেমব্রোক ক্রিকেট ক্লাবের কার পার্কিংয়ে। তাতেই ভেঙে যায় তার টয়োটার রিয়ার উইন্ডো।

কোনো সন্দেহ নেই। এর পর থেকে নিজের গাড়িটা নিরাপদ জায়গায় রাখবেন কেভিন ও’ব্রিয়েন। নয়তো ছক্কাটা দেখে শুনে মারবেন। এ স্টার ক্রিকেটার একই ক্ষতি দ্বিতীয়বার করতে চাইবেন না নিশ্চিত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD