একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। এ সময় বাধার মুখে পড়েছেন তারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহীদ মিনারে যাওয়ার পর এনসিপির একটি ইউনিটের নেতাকর্মীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ফুল ও ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করতে হয়েছে তাদের।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত ২টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো মুখ চেনা নেতাকে দেখা যায়নি।
পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে এনসিপির নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু করেন। একপর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেন। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ না করেই এলাকা ছাড়েন।
২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে রাজনৈতিকভাবে বেকায়দায় আছে জাতীয় পার্টি। আন্দোলনের আগে দলটি আওয়ামী সরকারের সময় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ছিল।
‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও দাবি জানিয়ে আসছে অভ্যুত্থানের পক্ষের কয়েকটি সংগঠন।
এ ছাড়া তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বারবার বাধা দেওয়া হয়েছে এবং দলীয় কার্যালয়ে একাধিকবার হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয়। সারা দেশের ১৯৬ আসনে প্রার্থী মনোনয়ন দেয় দলটি। তবে কোনো আসনেই জয় পায়নি দলটি।