জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ৩৭ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩৭ সেকেন্ডের ভিডিওটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন এলাকার। সম্প্রতি রামজীবন ইউনিয়নের মেগা ফাইনাল খেলার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাপার মনোনীত ও জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মঞ্চে দাঁড়িয়ে আছেন। সেখানে জাপার আরও কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত দেখা গেছে। মঞ্চের সামনে প্রায় পাঁচ শতাধিক মানুষ দাঁড়িয়ে আছে। তিনি বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যাচ্ছিলেন। এমন সময় দর্শকদের একটি অংশ ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’ স্লোগান দিচ্ছেন।
ভিডিওতে আরও দেখা গেছে, দর্শকরা হাত উঁচিয়ে নাচানাচি করছে। কেউ কেউ শিশুকে ঘাড়ে উঠিয়ে নিয়ে নাচছেন। শামীম হায়দার পাটোয়ারী এদিক-সেদিক তাকাচ্ছিলেন। তবে মঞ্চ থেকে মাইকে বারবার মনোযোগ আকৃষ্ট করার আহ্বান করা হচ্ছে। কিন্তু দর্শকরা জাতীয় পার্টির মহাসচিবের সামনে দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছে। দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখর ছিল সভাস্থল।
নাম প্রকাশ না করার শর্তে আয়োজকদের একজন বলেন, সেইদিন ছিল ফাইনাল ফুটবল খেলা। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া কথা ছিল। সেখানে শামীম হায়দার পাটোয়ারীকে প্রধান অতিথি করা হয়। অনুষ্ঠানের মাঝে হঠাৎ কিছু দর্শক ‘দাঁড়িপাল্লা’ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের স্লোগান দেওয়া শুরু করে। জাপার সচিব যেখানে উপস্থিত, সেখানে অন্য দলের প্রতীকের স্লোগান দেওয়ায় অনুষ্ঠানের বিঘ্ন ঘটে।