চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ঘিরে জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের রাজনীতি। ইতোমধ্যে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে।
সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এনসিপির প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। তবে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীন দল বিএনপি।
গতকাল (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত নগর জামায়াতের শূরা বৈঠকের সিদ্ধান্তে জামায়াতের প্রার্থী হিসেবে নগর শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়।
চট্টগ্রাম মহানগরের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াত মনোনীত শামসুজ্জামান হেলালী ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।