কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর এলাকার ঘনশ্যামপুর গ্রামের কমল চন্দ্র সরকার ওরফে (কমল দর্জি)। তিনি তার এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে সকলের কাছেই পরিচিত। হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করা ও সেবন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চলতি বছরের ৫ এপ্রিল সন্ধ্যায় মাদক ব্যবসার অভিযোগ এবং হেরোইন বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরেন তিনি। পরে জামিনে মুক্ত হয়ে আবার তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
সর্বশেষ গত ১৪ আগস্ট কুড়িগ্রাম সদর থানা পুলিশ তাকে হেরোইন ব্যবসার অভিযোগে গ্রেফতার করে। এ নিয়ে ৫ মাসের ব্যবধানে দু’বার তাকে গ্রেফতার করলো কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
তার বিরুদ্ধে হেরোইন ব্যবসার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম থানায় ০৮(৮)২১ নম্বর মামলা দায়ের করা হয়েছে বলে জানান কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান. মো. শাহরিয়ার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে কমল। তার কারণে এলাকায় মাদকের বিস্তার ছড়িয়ে পড়ছে এবং এলাকার তরুণ ও যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ মাদকে আসক্ত হচ্ছে।
মাদক ব্যবসায়ীরা পুলিশের হাতে গ্রেফতার হলেও যথাপোযুক্ত সাক্ষীর অভাব এবং আইনের বিভিন্ন ফাঁক দিয়ে জামিনে বের হয়ে এসে আবার তারা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরছেন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।