এসি মিলান ভক্তরা নিশ্চয়ই এখন আক্ষেপের আগুনে পুড়ছেন। কেন জ্লাতান ইব্রাহিমোভিচকে মৌসুমের শুরুর দিকে ফেরানো হলো না? আক্ষেপটা কাল রাতে আরো বাড়িয়ে দিয়েছেন সুইডিস কিংবদন্তি। ইতালিয়ান সিরি‘এ লিগে আবারো জ্বলে উঠেছেন ইব্রা। তার জোড়া গোলের ওপর দাঁড়িয়ে সাস্যুলোকে ২-১ ব্যবধানে হারিয়েছে এসি মিলান।
কয়েক দিন আগেই হুংকার ছেড়েছিলেন ইব্রাহিমোভিচ। তার ভাষায়, ‘মৌসুমের শুরুতে আসতে পারলে এসি মিলানকে চ্যাম্পিয়ন বানাতাম।’ সুইডেনের সাবেক অধিনায়কের ছুড়ে দেওয়া হুংকার যে ফাঁকা বুলি ছিল না, সেটা আরো একবার বুঝিয়ে দিলেন তিনি; করলেন জোড়া গোল। ইতালিয়ান লিগে আট বছর পর জোড়া গোল পেলেন ইব্রা।
সাস্যুলোর মাঠে ১৯ মিনিটে ইব্রার গোলে লিড নেয় এসি মিলান। ৪২ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে স্বাগতিক শিবির। গোল করেন কাপুতো। বিরতির আগেই সাস্যুলোর ফেরার আনন্দ মাটি করে দেন সেই ইব্রা-ই। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এসি মিলানের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইব্রা।
স্বঘোষিত সিংহের করা এই গোলটার আর শোধ দিতে পারেনি সাস্যুলো। ইব্রার গোলটাতেও দারুণ একটা কীর্তি হয়ে গেল এসি মিলানের। ক্লাবের ইতিহাসে ৫৬ বছর পর লিগে টানা নয় ম্যাচে একাধিক গোল করল মিলান জায়ান্টরা। ইতিহাস ফেরানোর রাতে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে এসি মিলান। ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস।