রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

জ্বালানি সঙ্কট নিয়ে ‘লুকোচুরি’ করছে সরকার: শফিকুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
জ্বালানি সঙ্কট নিয়ে ‘লুকোচুরি’ করছে সরকার: শফিকুর রহমান

জ্বালানি সঙ্কট ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, সরকার বাস্তব পরিস্থিতি গোপন করছে এবং সব পক্ষকে নিয়ে সমাধানের উদ্যোগ নিচ্ছে না।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াতের আমির বলেন, জ্বালানি সমস্যা সমাধানে তারা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সরকারের পক্ষ থেকে সঙ্কট অস্বীকার করা হচ্ছে। তার ভাষায়, “এমনভাবে বলা হচ্ছে যেন দেশে কোনো তেলের সঙ্কট নেই, বরং আমরা অতিরিক্ত তেলে ভাসছি।”

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে দৃশ্যমান কোনো ফ্যাসিবাদী গোষ্ঠী না থাকলেও জনমনে স্বস্তি নেই।

বিশেষ করে শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। শিক্ষার্থীদের ডিভাইস-নির্ভরতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘হোমক্লাস’ চালু হলে শিশুদের মধ্যে আসক্তি আরও বাড়বে এবং এতে মেধা বিকাশ বাধাগ্রস্ত হবে।

সংবিধান প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতার আমলে গণভোটের উদাহরণ তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, সেটিকে এখন কেন অসাংবিধানিক বলা হচ্ছে। তিনি দাবি করেন, বারবার সংশোধনের পরও সংবিধান কাঙ্ক্ষিত সুশাসন নিশ্চিত করতে পারেনি। তাই কেবল সংশোধন নয়, আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে।

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না। অতীতে যেমন আন্দোলন-সংগ্রাম হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD