দেশব্যাপী চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে পুরুষ ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন এবং নারী চার লাখ ৩৬ হাজার ৯৭ জন। এছাড়া গত ২৭ জানুয়ারি থেকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা দিয়েছে ৪৯০ জনের।
এখন পর্যন্ত সারাদেশে টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এদের মধ্যে মোট ৪৯০ জনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে মোট দুই লাখ ৬৯ হাজার জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৮৯২ জন এবং নারী ৭৮ হাজার ১০ জন। এদের মধ্যে মাত্র ৩৫ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৭২ হাজার ৭৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯ হাজার ৮৭২, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার, রাজশাহী বিভাগে ২৪ হাজার ৯২০, রংপুর বিভাগে ২০ হাজার ৮১১, খুলনা বিভাগে ২৫ হাজার ২৬, বরিশাল বিভাগে ১২ হাজার ১৩৬ ও সিলেট বিভাগে ১২ হাজার ৩৯৮ জন টিকা নিয়েছেন।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর সরকারি পাঁচটি হাসপাতাল এবং পরে ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।
লাইটনিউজ