সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

ডাক্তার ওয়াক্কাসকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি প্রকাশ ডাক্তার মোহাম্মদ ওয়াক্কাস নামে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৩ ব্লকে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ৯নং ক্যাম্পের সি/৩ ব্লকের মোহাম্মদ ইয়াসিন এর শেডের সামনে আনুমানিক ৩০ জনের একটি দুর্বৃত্তের দল ওয়াক্কাসের মাথায় কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।

৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ হাশিম (৪৬) জানান, মায়ানমারের মংডু এলাকার বাসিন্দা ওয়াক্কাস ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেন। সিটুওয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া ওয়াক্কাস মেডিকেল ডিপ্লোমাধারী পল্লী চিকিৎসক ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্যাম্পের এক রোহিঙ্গা মাঝি জানান, আরসার সঙ্গে ওয়াক্কাস এর ভালো সম্পর্ক ছিল। প্রতিপক্ষরা বিরোধের কারণে তাকে খুন করে থাকতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD