সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

ঢাকায় বখাটেদের মারপিটে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মারপিটে আহত যুবক বাবু (২৮) একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া চারটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবু ভোলার বোরহান উদ্দিন উপজেলার ঝিটকা গ্রামের শরাফত আলীর তুষারের ছেলে। বর্তমানে ঢাকা উদ্যান এলাকার ৫ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন এবং সেখানেই থাকতেন।

নিহতের চাচাতো ভাই সালাউদ্দিন জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা উদ্যান এলাকার তুরাগ নদীর পাশে আগের কোনো কারণের জের ধরে স্থানীয় বখাটে নয়ন, ফালান ও বাবুলসহ কয়েক জন মিলে বাবুর পেটে ইট দিয়ে আঘাত করে। পরে তাকে ওই দিন ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাবুকে নির্মাণাধীন ভবনে এনে বিশ্রামে রাখা হয়। পরে বৃহস্পতিবার আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ফের ঢামেকে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বাবুকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, স্বজনরা অভিযোগ করেছেন মারধরের কারণে অসুস্থ হয়ে বাবু মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, টাকা-পয়সার লেনদেন নিয়ে বুধবার একটা মারামারির ঘটনা ঘটেছিল। ঘটনার সময় বাবুর পেটে লাথি দেওয়া হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে। এ কারণে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা বুধবার বাবুকে ঢামেক হাসপাতালে চিকিৎসা করিয়ে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার আবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD