ঈদে ঘরমুখো মানুষ চাপ ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের ভোগান্তি হচ্ছে অনেক বেশি।
মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যার পরও মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত ৩৫ কিলোমিটার জুড়ে সড়কে যানবাহনের ধীরগতি ও কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি দেখা যায়। দিনব্যাপী মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ধারাবাহিকভাবে চলতে থাকে যানজট আর ধীরগতির মাঝেই যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যানজট আর ধীরগতি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ আছে। এরমধ্যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবহন সরাতে সময় লাগায় পরিবহনের চাপ আরও বেড়ে গেছে। তবে, দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রয়োজনীয় গণপরিবহনের অভাবে অনেককেই ঝুঁকি নিয়ে ট্রাকের ওপর গাদাগাদি করে ভ্রমণ করতে দেখা গেছে। কোথাও স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ দেখা যায়নি।