টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বিক্ষোভ তুলে নেওয়ায় ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুর ১২টা ২২ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলসাগর এক্সপ্রেস আটকে পড়ায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন এখন পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। যার ফলে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে।