ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ফলবাহী ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার হাঁসাড়া ওভারব্রিজ সংলগ্ন মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ফলবাহী ট্রাককে পেছন থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা আরও পাঁচ থেকে ছয় যাত্রী আহত হন।
এদিকে দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশের সহায়তায় উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে বাস ও ট্রাকটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।