স্পোর্টস রিপোর্টার : প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ১৫১-তে আয়ারল্যান্ড এ দলকে থামিয়ে দিয়েছিলেন তানভির ইসলাম। দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন এ বাঁহাতি স্পিনার। চারটির মধ্যে তিনটিই নিয়েছেন এ তরুণ। ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আইরিশরা ৪ উইকেটে ৩৫ রান তুলে দিন শেষ করেছে। চট্টগ্রামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষ হয়েছে গতকাল।
বাংলাদেশ ইমার্জিং দল এখনো ১২৭ রানে এগিয়ে আছে। ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি আছে আকবর-হৃদয়দের সামনে। স্বাগতিকরা প্রথম ইনিংসে তোলে ৩১৩ রান। ইয়াসির আলি রাব্বির ৯২ রানের ইনিংসে ভর করে তিনশর পথ পাড়ি দেয় সাইফ হাসানের দল। অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৯ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৪২, তানজিদ হাসান তামিম ৪১ ও তৌহিদ হৃদয় ৩৬ রান করেন। এদিকে ৮ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হলো না ইয়াসির আলি চৌধুরীর। বাংলাদেশ ইমার্জিং দলের বাকি ব্যাটসম্যানদের থিতু হয়েও সুযোগ কাজে লাগাতে না পারার চিত্র দেখা গেল দিন জুড়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩১৩ রানে। দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড এ দল ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান। এখনও ১২৭ রানে এগিয়ে স্বাগতিকরা। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে ভালো সংগ্রহ এনে দেওয়ার কারিগর ইয়াসির করেন ১১৫ বলে ৯২ রান। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ইনিংস গড়া ৮ চার ও ৫ ছক্কায়। ১ উইকেটে ৮১ রান নিয়ে গতকাল দিন শুরু করা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন সাইফ ও মাহমুদুল হাসান জয়। কিন্তু তাদের সম্ভাবনাময় দুটি ইনিংসই থেমে যায় পঞ্চাশের আগে।
পরপর দুই ওভারে ফিরে যান সাইফ ও মাহমুদুল। ৪৯ রানে স্বাগতিক অধিনায়ককে ফিরিয়ে দেন গ্রাহাম হুমে। কট বিহাইন্ড হয়ে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না সাইফ। ক্রিজে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রতিবাদ জানান, যেতে যেতে লেগ আম্পায়ারের সঙ্গেও কথা বলেন এই ওপেনার। আর স্টাম্পের বলের লাইন মিস করে এলবিডবিøউ হন ৪২ রান করা মাহমুদুল।
জোড়া ধাক্কার আঘাত তৌহিদ হৃদয়কে নিয়ে সামাল দেন ইয়াসির। দুজনে গড়েন ১১২ রানের জুটি। তৌহিদকে ৩৬ রানে এলবিডবিøউ করে প্রতিরোধ ভাঙেন জোনাথান গার্থ। পিটার চেইসকে বাউন্ডারি মেরে ৬৮ বলে ফিফটি স্পর্শ করেন ইয়াসির। আস্থার সঙ্গে খেলে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে ফিরেন ৯২ রানে। শাহাদাত হোসেন ও আকবর আলি পারেননি দলকে টানতে। দুই জনই ফিরেন থিতু হয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা সফরকারীদের শুরুতেই চেপে ধরেন ইবাদত হোসেন, তানভির ইসলাম। নিজের দ্বিতীয় ওভারেই জেমস ম্যাককলামকে কট বিহাইন্ড করেন ইবাদত। পরের তিন ব্যাটসম্যানকে বিদায় করেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তানভির। উইকেট না পেলেও প্রতিপক্ষের ওপর চার ধরে রেখে বোলিং করেছেন খালেদ আহমেদ, রিশাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিনশেষে)
বাংলাদেশ ইমার্জিং দল : ৩১৩ (আগের দিন ৮১/১) (সাইফ ৪৯, মাহমুদুল ৪২, ইয়াসির ৯২, তৌহিদ ৩৬, শাহাদাত ২০, আকবর ১৯, রিশাদ ০, তানভির ৮, ইবাদত ৪, খালেদ ০*; অ্যাডায়ার ১৬.৪-৮-২২-৩, হুমে ১৩-৩-৫৬-৩, টেক্টর ২০-৩-৮১-১, চেইস ১০-২-৩২-০, গার্থ ১২-১-৪৮-২, ডেলানি ১৬-১-৪৯-১, ডোহেনি ৩-০-২৩-০)।
আয়ারল্যান্ড এ দল : ১৫১ ও ৩৫/৪ (ম্যাককলাম ১, ললোর ৮, ডোহেনি ২০, গার্থ ০, টেক্টর ২*, ক্যাম্পার ২*; ইবাদত ৬-১-১৭-১, খালেদ ৫-২-৪-০, তানভির ৭-৩-৯-৩, রিশাদ ২-১-৩-০)।