স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ ইমার্জিং দল। তিন দিনেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সিরিজের শুরুটা দুর্দান্ত হলো তানভির ইসলামের। দারুণ বোলিংয়ে চার দিনের ম্যাচে বাঁহাতি এই স্পিনার পেলেন ১৩ উইকেট। প্রথম ইনিংসে ১৫১ রান করা আইরিশদের দ্বিতীয় ইনিংস থমকে যায় ১৩৯ রানে। বাংলাদেশ ইমার্জিং দল একমাত্র ইনিংসে করে ৩১৩ রান। স্বাগতিকরা ম্যাচ জেতে ইনিংস ও ২৩ রানে। এই ম্যাচের আগে ১১টি প্রথম শ্রেণির ম্যাচে তানভিরের উইকেট ছিল কেবল ১৯টি, পাঁচ উইকেট ছিল না একবারো। প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট নেওয়া ২৪ বছর বয়সী স্পিনার দ্বিতীয় ইনিংসে আরও দুর্দান্ত। ৫১ রানে ৮ উইকেট নিয়ে বলতে গেলে একাই ধসিয়ে দেন সফরকারীদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল ৪ উইকেটে ৩৫ রান নিয়ে দিন শুরু করে আইরিশরা। স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে পাঠাতে তাদের প্রয়োজন ছিল আরো ১২৭ রান। দিনের শুরুটা সফরকারীদের জন্য ছিল আশা জাগানিয়া। অধিনায়ক হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পার এগিয়ে নেন দলকে। তিন চারে ২২ রান করা ক্যাম্পারকে ফিরিয়ে ৬০ রানের জুটি ভাঙেন সাইফ হাসান। তানভিরের স্পিনে এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি আয়ারল্যান্ড। সফরকারীরা শেষ ৬ উইকেট হারায় ৪৬ রানে। লর্কান টাকারকে স্টাম্পড করার পর টেক্টরকে এলবিডবিøউ করে ম্যাচে নিজের দশম উইকেট নেন তানভির। আইরিশ অধিনায়ক ৭ চারে ১৩৭ বলে করেন ৫৫ রান। এরপর বেশি দূর এগোয়নি তাদের ইনিংস। আগামী ৫ মার্চ একই মাঠে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ইমার্জিং দল : ৩১৩
আয়ারল্যান্ড এ দল : ১৫১ ও (আগের দিন ৩৫/৪) ১৩৯ (টেক্টর ৫৫, ক্যাম্পার ২২, টাকার ৫, অ্যাডায়ার ১৪, ডেলানি ৮, হিউম ১, চেইস ০*; ইবাদত ১৭-৬-২৭-১, খালেদ ১৩-২-৩২-০, তানভির ২৮.৩-১১-৫১-৮, রিশাদ ৬-২-৯-০, সাইফ ১০-২-১৫-১)।