‘আশপাশের বিভিন্ন বাড়ি থেকে খাবার দিয়ে যায়, সেই খাবার খাই। রান্না বান্না করার মতো হাঁড়ি পাতিল কিছুই নাই। আগুনে পুড়ে সব শেষ হইয়া গেছে। গত তিন ধরে একই কাপড় পড়ে আছি’- এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব ধারাবাশাইল গ্রামের ভ্যানচালক নিপুণ রায় (৪০)। নিপুণ রায় পূর্ব ধারাবাশাইল গ্রামের কালিপদ রায়ের ছেলে।
গত বুধবার দিনগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে নিপুণ রায়ের বসবাসের পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নিপুণ রায়, তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে পাশের কান্দি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। অগ্নিকাণ্ডের পরে গত তিনদিন ধরে এই পরিবারের ৪ সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভ্যানচালক নিপুণ রায়ের স্ত্রী সবিতা রায় বলেন, আমাদের বাড়িটি ফাঁকা জায়গায় হওয়ায় আশপাশের মানুষজন আগুন নিভাতে আসার আগেই পুড়ে সব শেষ হয়ে গেছে। হাঁড়ি-পাতিল, থালা-বাসন, নগদ টাকা কিছুই নাই। গরু কিনবো বলে একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সে টাকাগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন কিভাবে বাঁচবো। ভেবে পাচ্ছি না।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, নিপুণ রায় ও তার পরিবারের সদস্যদের যাতে খোলা আকাশের নিচে বসবাস করতে না হয়, তার জন্য আমরা দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবো।