সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :

থ্রিলার ম্যাচে খলনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

 

ইতালিয়ান ফুটবল ফেরার রাতটা যেন রোমাঞ্চের ডালি উপহার নিয়ে বসল। আগুন ঝরল তুরিন স্টেডিয়ামে। থ্রিলার ম্যাচটা শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গেছে। কোপা ইতালিয়ার দ্বিতীয় লেগের ম্যাচটা ফলই উপহার দিতে পারল না। নিষ্ফলা ও মহানাটকীয় লড়াইয়ের খলনায়ক বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি মিস করেছেন পর্তুগিজ যুবরাজ। উত্তেজনার রেণু ছড়ানো সেমিফাইনাল শেষে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে তুরিনের বুড়িরা। শুক্রবার রাতে গোলশূন্য ড্র করেও স্বপ্ন বাঁচিয়ে রেখেছে জুভরা। প্রথম লেগেও এসি মিলানের সঙ্গে ড্র (১-১) করেছিল তারা।

তবে মহামূল্যবান অ্যাওয়ে গোলের ওপর দাঁড়িয়ে এ যাত্রায় উতরে গেছে জুভেন্টাস। কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করেও প্রায় দেড় যুগ আগের রাজত্ব পুনরুদ্ধারের মিশনে ব্যর্থ হলো এসি মিলান। শেষ ৮০ মিনিট ১০ জনের দল নিয়েও স্বপ্ন বাঁচাতে পারল না প্রাক্তন চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ঘরের মাঠে গোল হজমেই এসি মিলানের চূড়ান্ত সর্বনাশ হলো।

ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা এসি মিলান শুরু থেকেই ভুলের মাসুল গুনেছে। একটি নয়, দু দুটি ধাক্কা খেয়েছে তারা। ১৪ মিনিটে অতিথি ডিফেন্ডার আন্দ্রে কন্তি ডি-বক্সে হ্যান্ডবল করেন। ভিএআরের সহায়তা জুভেন্টাসকে পেনাল্টি উপহার দেন। এ যাত্রায় গোল হজম থেকে বেঁচে গেলেও ম্যাচটা কঠিন হয়ে যায় দুই মিনিটের ব্যবধানে।

১০ জনের দলে নেমে আসে তারা। ‍উঁচুতে থাকা বলে কিক মারতে গিয়ে অবিশ্বাস্যভাবে জুভেন্টাস তারকা ড্যানিলোর মুখে লাথি মেরে বসেন অ্যান্তি রেবিক। অবধারিতভাবেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এর কয়েক মুহূর্ত আগে পেনাল্টি মিস করে ভক্তদের হতাশ করেন রোনালদো।

`সিআর সেভেনে’র মাটি কামড়ানো শট বাঁ পাশের পোস্টে লেগে ফিরে আসে। অথচ এভাবে ফিরতে চাননি রোনালদো। করোনাভাইরাস মহামারিতে ফুটবল স্থগিত হওয়ার পর প্রত্যাবর্তনের ম্যাচে গোল করে নায়ক হতে পারতেন তিনি। কিন্তু সুযোগ হাতছাড়া করলেন। ভাগ্য জুভেন্টাসের সহায় থাকায় টুর্নামেন্টে ৩৫ বছর ধরে এসি মিলানের বিরুদ্ধে অজেয় থাকার গৌরভটা অটুট থাকল তাদের।

আগামী ১৭ জুন ফাইনালে জুভদের প্রতিপক্ষ হতে পারে মিলানের আরেক ক্লাব ইন্টার মিলান, নয়তো নাপোলি। আজ দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দল দুটি। প্রথম লেগে ঘরের মাঠে নাপোলির বিরুদ্ধে ১-০ গোলে হেরেছিল ইন্টার মিলান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD