সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দরিদ্র শিক্ষার্থীদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে : জামায়াতে ইসলামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আর্থিকভাবে অসচ্ছল কোনো শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে বিনা সুদে প্রথম দুই সেমিস্টার ফি দেবে সরকার। এ ছাড়া দেশের ভেতর দরিদ্র শিক্ষার্থীদের মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে নিজেদের প্রকাশিত নির্বাচিত ইশতেহারে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াতের ইশতেহার প্রকাশ করেন দলের আমির শফিকুর রহমান। সেই ইশতেহারে এমন পরিকল্পনার কথা জানায় দলটি।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে যা করবে জামায়াত

জামায়াতের ইশতেহারে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে দলটি ক্ষমতায় গেলে শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা হবে। শিক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির ৬ শতাংশ করার কথাও তুলে ধরা হয়েছে ইশতেহারে।

সম্মতি সাপেক্ষে নারীদের কর্মঘণ্টা কমানো হবে : জামায়াত আমির

আর্থিকভাবে অসচ্ছল কোনো শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে বিনা সুদে প্রথম দুই সেমিস্টার ফি সরকার প্রদান করবে। আর দেশের ভেতর দরিদ্র শিক্ষার্থীদের মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে।

স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার এক লাখ মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে সর্বোচ্চ পাঁচ বছরের সুদমুক্ত ঋণ দেওয়ারও ঘোষণা রয়েছে ইশতেহারে।

স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের জন্য পৃথক নিয়োগ পদ্ধতি ও বেতনকাঠামো প্রচলন করা হবে। এ ছাড়া সব শিক্ষককে পর্যায়ক্রমে উচ্চ গ্রেডে অন্তর্ভুক্ত করা হবে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করার পরিকল্পনার কথা তুলে ধরেছে দলটি। এই ইশতেহারে ঘোষণা করা হয়েছে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে ইবেতদায়ি মাদ্রাসাগুলো প্রাইমারি স্কুলের মতো সরকারি করা হবে। পরিমার্জন করা হবে কওমি শিক্ষা সিলেবাস।

নারী শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে দলটি। এতে বলা হয়েছে- জামায়াত ক্ষমতায় গেলে স্নাতক পর্যন্ত নারীরা বিনা বেতনে পড়াশোনা করতে পারবে।

শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বন্ধ, শিক্ষায় সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, শিক্ষাক্রমের আধুনিকায়নসহ বেশ কিছু পরিকল্পনার কথা রয়েছে ইশতেহারে।

জামায়াতের ইশতেহারে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য সেবার বিষয়টি। একদিকে যেমন কম খরচে উন্নত চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে, অন্যদিকে পাঁচ বছরের নিচে ও ৬০ বছরের ওপরে সবাইকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ঘোষণাও দিয়েছে দলটি।

এ ছাড়া পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের বাজেট তিন গুণ বাড়ানোর কথা বলা হয়েছে। সব জেলায় পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করার কথা উল্লেখ আছে ইশতেহারে।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, কোনো জেলা যাতে বাদ না থাকে, ৬৪টি জেলাতেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে জামায়াত।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD