শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

দুই কারখানার অগ্নিকাণ্ডে আহত ৩ শ্রমিককে ৫০ হাজার করে সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

সম্প্রতি গাজীপুরের টঙ্গী এবং রাজধানীর শ্যামপুর বাগিচা এলাকার দু’টি কারখানায় অগ্নি দুর্ঘটনায় আহত তিনজন শ্রমিকের স্বজনদের হাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পক্ষে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন শ্রমিকদের দেখতে যান, সেখানে তাদের স্বজন এবং দায়িত্বরত চিকিৎকদের কাছে শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবর নেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের এক লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার বিধান রয়েছে।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলী এবং ঢাকার উপ-মহাপরিদর্শক একেএম সালাহ উদ্দিন শান্ত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে ৫ জন শ্রমিক মারাত্মক দগ্ধ হন। তাদের মধ্যে আজ পর্যন্ত ৪ জন শ্রমিক মারা গেছেন। তবে আজ মারা যাওয়া মোজাম্মেল হকের মায়ের হাতে ৫০ হাজার সহায়তার চেক তুলে দেয়া হয়েছে। পরবর্তীতে এসএস স্টিল মিলস এর অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্বজনদের ১ লাখ করে সহায়তা প্রদান করা হবে।

অন্যদিকে, গত সোমবারে রাজধানীর শ্যামপুরের বাগিচা এলাকায় মজিবর মেটাল কারখানার অগ্নিকাণ্ডে শুভ নামে একজন শ্রমিক মারাত্বক দগ্ধ হন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD