গত মাসে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। আপাতত চুটিয়ে ছবির প্রচার করছেন তিনি। সিনেমা বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও সালমান-ভক্তরা বেশ পছন্দ করেছেন।
কারণ প্রায় চার বছর পর ঈদে এসেছে ভাইজানের ছবি। তবে প্রমোশনে আরও একটা জিনিস মন কেড়েছে সালমান ভক্তদের। তা হলো সালমানের হিউমার। কখনও নিজেকে নিয়ে আবার কখনও নিজের ভাইদের নিয়ে ঠাট্টা করছেন তিনি।
সম্প্রতি কপিল শর্মার শো-তে গিয়েছিলেন সালমান। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ‘কিসি কা ভাই কিসি কি জান’ দেখার পর তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান তাকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন কি না!
এই প্রশ্নে বেশ মজার জবাবই দেন সালমান। বলেন, ‘ওরা তো আমার কথাই শোনে না।’ তারপর বলে ওঠেন, ‘যদিও এখন ওরা আমার কথা শোনে।’ সালমানের বলা এই কথাগুলোর ভেতরে থাকা মানে বুঝতে সেখানে উপস্থিত কারোই কোনো সমস্যা হয়নি!
এই বক্তব্য দিয়ে আদতে সোহেল ও আরবাজের ভাঙা দাম্পত্যের দিকেই ইঙ্গিত করেছেন বড় ভাই সালমান। মালাইকা আরোরা আর আরবাজ খানের ডিভোর্স হয় ২০১৭ সালে। অন্যদিকে, সোহেল বিয়ে করেছিলেন সীমা সজদেহকে। তাদেরও গত বছর বিচ্ছেদ হয়।