বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জামায়াত আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসররা নানামুখী চক্রান্ত-ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তারা যতই চক্রান্ত-ষড়যন্ত্র করুক, তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে উত্তপ্ত করতে। কিন্তু এদেশের শান্তিপ্রিয় মুসলমানরা তাদের সেই পাতানো ফাঁদে পা দেয়নি।

তিনি আরও বলেন, এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করছে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না। যেখানে কোর্ট-কাচারি, অফিস-আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্চিত হবেন না। কৃষক
তার ফসলের নায্য দাম পাবেন। শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সঙ্গে দেওয়া হবে।

দ্বিতীয় স্বাধীনতা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আবু সাঈদ আমাদের এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি। তিনি অধিকার চেয়েছিলেন। কিন্তু তাকে পর পর তিনটি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে স্যালুট জানাই।

তিনি আরও বলেন, লেখাপড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। তারা শিক্ষা অর্জন করে সঙ্গে সঙ্গে কাজ পাবেন, আমরা এমন বাংলাদেশ চাই।

ঝালকাঠি জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মোবারক হোসাইন, জামায়াত নেতা মাসুদ সাঈদী প্রমুখ।

এরপর জামায়াতের আমির ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসা মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD