শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

দেশের বাজারে ফের কমলো স্বর্ণ-রুপার দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। নতুন ঘোষণায় প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (১২ জুন) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশুদ্ধ রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায়।

এর আগে গত ১০ জুন বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে আরও ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে রুপার দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ২২ বার দাম বৃদ্ধি এবং ২২ বার হ্রাস করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের প্রবণতা ও স্থানীয় কাঁচামালের দামের পরিবর্তনের কারণে স্বর্ণ ও রুপার মূল্য ঘন ঘন সমন্বয় করতে হচ্ছে। ফলে আগামী দিনগুলোতেও মূল্য ওঠানামার ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD