রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী দেশের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চালানো হচ্ছে। তাঁর দাবি, এসব তৎপরতার উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা তৈরি করা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরত পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও উল্লেখ করেন তিনি।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো প্রচেষ্টা মোকাবিলার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং শত শত নাগরিককে হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD