শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে মোবাইল ইন্টারনেটের গতিতে অবনতি, ব্রডব্যান্ডে উন্নতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
monitors on binary code floor

বৈশ্বিক সূচকে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতির আরও তিন ধাপ অবনতি হলেও ব্রডব্যান্ড ইন্টারনেটে দুই ধাপ উন্নতি হয়েছে। রোববার বৈশ্বিক ইন্টারনেটের গতির সূচক প্রকাশ করা খ্যাতনামা প্রতিষ্ঠান ওকলা বছরের তৃতীয় প্রান্তিকের রিপোর্টে এ তথ্য দিয়েছে।

এই সূচক অনুযায়ী বর্তমানে ১৪১টি দেশের মধ্যে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে বাংলাদেশে চারটি অপারেটরের গড় ডাউনলোডের গতি ৮ দশমিক ৯১ এমবিপিএস এবং আপলোডের গতি ৬ দশমিক ৭২ এমবিপিএস। গতির এ চিত্র বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন।

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটে বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে। আগের প্রান্তিকে ব্রডব্যান্ড ইন্টারনেটে বাংলাদেশের অবস্থান ছিল ৯৬। তৃতীয় প্রান্তিকের শেষে সে অবস্থানের উন্নতি হয়ে বাংলাদেশ ৯৪ নম্বরে উঠেছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়।

সূচকের তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, এর আগে বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫তম। দ্বিতীয় প্রান্তিকের পর আগস্ট মাসে বাংলাদেশের অবস্থানের কিছুটা উন্নতি হয় এবং সূচকে ১৩১ নম্বরে উঠে আসে। এর পর আবার অবস্থানের তিন ধাপ অবনতি হয়ে ১৩৪ নম্বরে নেমে আসে।

সূচকে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষে আছে মালদ্বীপ। দেশটিতে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোডের গতি ৪৮ দশমিক ৪৬ এমবিপিএস এবং আপলোডের গতি ১৬ দশমিক ৩০ এমবিপিএস। এ অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে ভারতের অবস্থান ১১৭, শ্রীলঙ্কার ১২০ এবং নেপালের ১০৭তম। বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৮৮তম।

সূচকে মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে ফাইভজি চালু হওয়া দেশটিতে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোডের গতি ১৩০ দশমিক ১৯ এমবিপিএস এবং আপলোডের গতি ২৩ দশমিক ৯৩ এমবিপিএস। দেখা যায়, দেশটিতে ফিক্সড ব্রডব্যান্ডের চেয়ে মোবাইল ইন্টারনেটের গতি বেশি। বর্তমানে সেখানে ফিক্সড ব্রডব্যান্ডে ডাউনলোডের গতি ১০১ দশমিক ৭৬ এমবিপিএস।

বাংলাদেশে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডের গতি ২৯ দশমিক ১ এমবিপিএস এবং আপলোডের গতি ২৭ দশমিক ৮১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে আছে ভারত। এর অবস্থান ৭০তম। ব্রডব্যান্ড ইন্টারনেটে বিশ্বে শীর্ষে আছে সিঙ্গাপুর, যার ডাউনলোড গতি ১৮৮ দশমিক ১১ এমবিপিএস এবং আপলোড গতি ১৬১ দশমিক ৫২ এমবিপিএস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD