রাজশাহী মহানগরীর একটি দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেল পাওয়া গেছে। তাই দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকালে রাজশাহী নগরীর সাহেববাজারের সুমন স্টোর নামের একটি দোকানে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।
তিনি জানান, সুমনের দোকানে ৪৮ লিটার টিসিবির সয়াবিন তেল পাওয়া গেছে। আইনত এসব তেল দোকানে বিক্রি নিষিদ্ধ। এগুলো টিসিবির পরিবেশকদের মাধ্যমে ট্রাক থেকে বিক্রির কথা। কিন্তু দোকানে বিক্রি করায় ব্যবসায়ী সুমনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া সুমনের দোকানে পাওয়া তেলগুলোও জব্দ করা হয়েছে বলেও জানান অধিদফতরের কর্মকর্তা হাসান আল মারুফ।