দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের শাস্তি নিশ্চিত ও তাদের পেছনের মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
নারী ও শিশু নির্যাতন বন্ধ, ধর্ষকদের ফাঁসি এবং সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবিরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন হকার্স ইউনয়িনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, হকার্স নেতা মো. জসিমউদ্দিন, মিজানুর রহমান, শাহিনা আক্তার ও মাহবুবা নার্গিস।
সমাবেশে সেকেন্দার হায়াৎ বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর ওপর নির্মম নারকীয় বীভৎস্য, সিলেটের এমসি কলেজের নববধূ, খাগড়াছড়িতে আদিবাসী নারীর সম্ভ্রমহানিসহ সারাদেশ ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, ধর্ষণ বন্ধ করতে চাইলে শুধুমাত্র ধর্ষকদের ধরলে ধর্ষণ কমবে না, ধর্ষকদের পেছনে গডফাদার আছে, তাদের ধরতে হবে। মদদদাতাদের ধরতে হবে। ধর্ষক ও মদদদাতাদের ফাঁসি দিতে হবে।
শ্রমিক নেতা জলি তালুকদার বলেন, হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবিরের ওপর হামলাকারী সন্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে পাশাপাশি এই সন্ত্রাসী, চাঁদাবাজদের লালন-পালনকারী গডফাদারদেরও গ্রেপ্তার করতে হবে।
সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বায়তুল মোকাররম লিংক রোড স্টেডিয়াম-গুলিস্তান-গোলাপশাহ মাজার-জিরো পয়েন্ট-মুক্তাঙ্গন হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে।
লাইটনিউজ