সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উচ্চতায় থাকা উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন (রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটস) রেকর্ড দুটির সনদ গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি এই রেকর্ড অর্জিত হয়।
ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক রয়েছে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায়। এই ডেক থেকে পবিত্র মসজিদুল হারাম ও আশপাশের মক্কা নগরীর মনোরম দৃশ্য দেখা যায়।
২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ার জাদুঘর। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় বিস্তৃত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশল প্রযুক্তি তুলে ধরা হয়েছে।
জাদুঘরে দর্শনার্থীরা জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রপাতির বিবর্তন সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি ইসলামী বর্ষপঞ্জির নতুন মাস শুরুর নির্ধারণে চাঁদের নতুন অংশ বা হিলাল পর্যবেক্ষণের ক্ষেত্রে এসব যন্ত্রের ব্যবহার সম্পর্কেও ধারণা পান।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরের উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে নিকটতম মিলিমিটার পর্যন্ত পরিমাপ করে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন নিদর্শন ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।
৬০১ মিটার উচ্চতার মক্কা ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। এটি পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি টাওয়ার নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটি নির্মাণ করে। ঘড়ির ওপর থাকা ৭১ মিটার উচ্চতার চূড়াসহ টাওয়ারটির মোট উচ্চতা ৬০১ মিটার।
টাওয়ারটির চারদিকে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটি ডায়ালের ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়। এর আগে ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের আকারের রেকর্ড স্বীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
নতুন দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় মক্কা ক্লক টাওয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যা অন্তত পাঁচটিতে পৌঁছেছে। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত ঘড়ির ডায়ালের রেকর্ডও অর্জন করেছিল এই স্থাপনা।