বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সংসদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব অনুযায়ী আগে রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তবে চলতি ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স খাতের ইতিহাস ও সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আয়ের অন্যতম প্রধান উৎস। নিশ্চয়ই আপনার ধারণা আছে যে, বৈদেশিক মুদ্রার অন্যতম এই প্রধান উৎসটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করে চালু করেছিলেন। আমাদের শ্রমিকদের বিদেশে পাঠানোর যে ব্যবস্থা, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন।

বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন ব্যয় হ্রাস এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের তফসিলি ব্যাংকসমূহ এবং বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে, প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে।

এছাড়া বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে সরকার নগদ সহায়তা প্রণোদনা প্রদান করছে বলে উল্লেখ করেন সংসদ নেতা। পাশাপাশি কম খরচে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্যে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে এবং নতুন প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলে প্রধানমন্ত্রী সংসদে জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD