শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নদীর তীরে ইট-বালু-সিমেন্টের ব‌্যবসা, হুমকিতে জনস্বাস্থ‌্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীরঘেঁষে চলছে ইট-বালু-সিমেন্টের ব্যবসা। এই নির্মাণ সামগ্রীর ধুলায় নদীতীরের পরিবেশ ও বায়ুদুষিত হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন পরিবেশবাদী, চিকিৎসক ও স্থানীয়রা। তারা বলছেন, এর ফলে নদীর তীরে আসা সাধারণ মানুষ শ্বাসকষ্ট-চর্মরোগসহ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া যারা আগে থেকে শ্বাসকষ্টের রোগী, তাদের স্বাস্থ‌্যঝুঁকি বাড়ছে। এই বিষয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিএ-সূত্র বলছে, নদীর তীরবর্তী ১৫০ ফুট জায়গার মধ্যে কোনো ব‌্যবসা প্রতিষ্ঠান করতে হলে কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিতে হয়। এছাড়া, এই ১৫০ ফুটের বাইরে আরও ১৫০ ফুট জায়গায়ও যদি কোনো স্থায়ী স্ট্রাকচার, জেটি বা ভবন করা হয়, তার জন‌্যও বিআইডব্লিউটিএ-এর এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হবে। কিন্তু চাঁদপুর শহরের নদীতীরের এসব ব্যবসায়ী কোনো নীয়মনীতিই মানেনি বলে অভিযোগ করেছেন বিআইডব্লিউটিএ-সংশ্লিষ্টরা।

চাঁদপুর পৌর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওয়াশিম মোল্লা, নান্নু ভূঁইয়া, রাজিব চন্দ্র সরকার, মো. সালাউদ্দিন সরকার, টিটু সরকার জানান, এই ট্রাকঘাট এলাকায় ডাকাতিয়া নদীর তীরঘেঁষে অবৈধভাবে একটি চক্র ইট, বালু, সিমেন্টের ব্যবসা করছে। এরসঙ্গে বিআইডব্লিউটিএ-র কতিপয় অসাধু লোক জড়িত। যারা এই সব ব্যবসায়ীদের নানাভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আর্থিক সুবিধা নেন। এজন্য এই সব ইট, বালু, সিমেন্ট রেখে ঘাট দখল করে ব্যবসা করলেও সংশ্লিষ্টরা এগুলো বন্ধ করতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এদিকে, এসব ব্যবসার জন্য ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে। মানুষ শ্বাসকষ্ট-চর্মরোগসহ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে।

তারা আরও বলেন, ‘বিআইডব্লিউটিএ-এর কর্মচারী দেলোয়ার হোসেনও এখানে সিমেন্ট ব্যবসা করেন। তার মতো অনেকেই নানা টাল-বাহানায় জনভোগান্তি করে এসব ব্যবসা পরিচালনায় অসাধু ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।’

অভিযোগের বিষয়ে মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ট্রাক ঘাটে আমি ভারপ্রাপ্ত পল্টন সানাইয়ের কাজ করি। সিমেন্টের ব্যবসা আমার ছোট ভাই। আমি এখানে এমনিতেই গল্প-গুজব করতে আসি।’

শাহ সিমেন্টের ডিলার ট্রাকঘাটের মৃধা বাদার্সের প্রতিনিধি মো. রুমন খান বলেন, ‘চালান কাটতে এখানে বসি। শুধু সিমেন্ট লোড-আনলোড করি। ইট, বালু আমাদের কারও না। এখানে নদীর তীরে সিমেন্ট লোড-আনলোড করার কাজ অবৈধ, এটা জানি। তবে কর্তৃপক্ষ যদি জনভোগান্তি লাঘবে আমাদের সরে যেতে বলে, তাহলে সরে যাবো।’

এসব অভিযোগের বিষয়ে চাঁদপুর পৌর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ শোয়েব বলেন, ‘পৌর এলাকার পথ-ঘাট ব্যবহার করে অবৈধভাবে ইট, বালু, সিমেন্ট ব্যবসা করা উচিত নয়। যারা রাস্তার ওপর ইট, বালু, সিমেন্টের অবৈধ ব্যবসা করছেন, তাদের জন্য ধুলাবালিতে সাধারণ মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। আমরা জনদুর্ভোগ হয়, এমন কোনো কাজকেই প্রশ্রয় দেবো না।’

চাঁদপুর সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা বলেন, ‘নদীপাড় দখল রোধে উচ্ছেদ অভিযান এখন সময়ের দাবি।’

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম শেখ বলেন, ‘শহরের ট্রাকঘাটসহ নদীর তীরে ইট, বালু, সিমেন্ট রেখে ব্যবসা কার্যক্রমে পরিবেশ দূষণের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখবো।’

নদীর তীরের অবৈধ স্থাপনা-ব‌্যবসার বিষয়টি দেখার দায়িত্ব বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের বলে জানালেন চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। তিনি আরও বলেন, ‘তাদের ঘাটের জায়গাতেই এসব ইট, বালু, সিমেন্ট রেখে দীর্ঘদিন কতিপয় লোক ব্যবসা চালাচ্ছেন। তারা যদি এগুলো উচ্ছেদে পৌরসভার সহযোগিতা চায়, আমরা অবশ‌্যই সহযোগিতা করবো।’

ট্রাকঘাটসহ চাঁদপুরের অবৈধভাবে ইট, বালু, সিমেন্ট ব্যবসায়ীদের কাছ থেকে কোন রাজস্ব বিআইডব্লিউ আদায় করে না বলে জানিয়েছেন এই সংস্থার চাঁদপুরের বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক এ কে এম কায়সারুল ইসলাম। তিনি বলেন, ‘আইনে নদীপাড়ে ইট, বালু, সিমেন্টের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশনা রয়েছে। জেলা প্রশাসন থেকে বিআইডব্লিউটিএ-এর তীরভূমি হস্তান্তরে একটু ধীরগতি রয়েছে।’ হস্তান্তর হয়ে গেলে দুই-এক মাসের মধ্যে ট্রাকঘাটসহ চাঁদপুরের নদীতীরে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD