মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবক আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তুমব্রু রাইট ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় মাইন বিস্ফোরণে মো. ইউনুস (২৭) নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। আহত রোহিঙ্গা কক্সবাজার উখিয়ার কুতুপালং ক্যাম্পের এজাহের হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায় বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ড এর তুমব্রু সীমান্ত এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি’র) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪ হতে আনুমানিক ২০০ মিটার দক্ষিণ দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত তুমব্রু রাইট ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ১টি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক মো. ইউনুসের ডান পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়।

তারা আরও জানায়, আহত রোহিঙ্গা বাংলাদেশ থেকে চোরাই পথে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মিয়ানমারে যাচ্ছিল। পরে স্থানীয়রা আহত রোহিঙ্গাকে উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল হক মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD