রাজশাহীর নাটোরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাটোর সদর থানার ওসিসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীদের চাপে এক পর্যায়ে সড়কের একপাশ বন্ধ হয়ে গেলে পুলিশ বাধা দেয়।
এনিয়ে পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। চলে ধাওয়া পাল্টা-ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়ে।