স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ সবুজ দল। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে গতকাল বাংলাদেশ লাল দলের বিপক্ষে তাদের জয় ৬ উইকেটে। রিতু মনির দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স আর রুমানা আহমেদের দারুণ ইনিংস ফাইনালে উঠেছে বাংলাদেশ সবুজ দল। শুরুতেই
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ লাল ৮ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তার ব্যাট থেকে আসে ৭২ রান।
রান তাড়ায় ৩৯ রানেই সবুজ দল হারায় ৪ উইকেট। সেখান থেকে রুমানা ও রিতু মনির অসাধারণ জুটিতে তারা জিতে যায় ১৬ বল বাকি রেখে।
১৪৮ বলের ম্যারাথন ইনিংসে রুমানা অপরাজিত থাকেন ৮০ রান করে। ৮০ বলে অপরাজিত ৫১ রিতু মনি। বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই। টস হেরে ব্যাটিংয়ে নামা লাল দলের ইনিংস বলতে গেলে একাই টানেন শারমিন। তৃতীয় ওভারে উইকেটে গিয়ে তিনি আউট হন শেষের আগের ওভারে। দ্বিতীয় উইকেটে জিন্নাত আসিয়া অর্থির সঙ্গে ৪১ রানের জুটি গড়েন তিনি ১৬ ওভারের বেশি খেলে। চতুর্থ উইকেটে রুবাইয়া হায়দারের সঙ্গে শারমিনের জুটি ৪৯ রানের। তবে শারমিন ছাড়া বড় রান করতে পারেননি আর কেউ। দলের স্কোরও তাই বড় হয়নি। ১৪০ বলে ৪ চারে ৭২ করে শারমিন রান আউট হন ৪৯তম ওভারে।
রান তাড়ায় সবুজ দল প্রথম ওভারেই হারায় অধিনায়ক শারমিন সুলতানাকে। আরেক ওপেনার দিলারা আক্তার বিদায় নেন দ্বিতীয় ওভারে।
এরপর সানজিদা ইসলাম ও সুমাইয়া আক্তার চেষ্টা করেন প্রতিরোধের। সেই চেষ্টাও খুব দীর্ঘায়িত হয়নি। এই দুজনও যখন আউট হলেন, ১৬ ওভার শেষে সবুজ দলের রান ৪ উইকেটে ৩৯। এরপর রুমানা ও রিতু মনির দৃঢ়তায় আর কোনো উইকেট হারায়নি তারা। লাল দলের আশা একটু একটু করে মাড়িয়ে সবুজকে ফাইনালে তোলেন এই দুজন। রুমানার ইনিংসে চার ৯টি, রিতু মনির ৫টি। আগামীকাল ফাইনালে সবুজ দল মুখোমুখি হলে নীল দলের। টানা দুই জয়ে আগেই ফাইনালে উঠে গেছে নীল।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ লাল : ১৫৭/৮ ( আফিয়া ১, অর্থি ২২, শারমিন ৭২, নিগার ৩, রুবাইয়া ১৮, লতা ১৩, ফাহিমা ১, নাহিদা ৯*, লেকি ২; পান্না ৭-৩-১২-১, দিশা ৯-০-৩২-২, রিতু ৯-০-৪৪-২, খাদিজা ১০-০-২২-০, সানজিদা ৯-০-২৫-২, রুমানা ৬-০-১৮-০)।
বাংলাদেশ সবুজ : ১৫৯/৪ (৪৭.২ ওভার) (শারমিন ১, দিলারা ০, সানজিদা ১২, রুমানা ৮০*, সুমাইয়া ৬, রিতু ৫১*; নাহিদা ১০-০-৩০-১, লতা ৮.১-১-৪৩-২, পূজা ৭-১-২৮-১, ফাহিমা ১০-২-২০-০, লাবণী ১০-১-২৬-০, লেকি ২-০-১২-০)।
ফলাফল : বাংলাদেশ সবুজ ৬ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ : রিতু মনি।