নাশকতার একটি মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ ১১ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা অন্য আসামিরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবা, জাহাঙ্গীর, ইব্রাহিম, সাইফুল ইসলাম, জরিফ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও রেদোয়ান।
রায় ঘোষণার সময় এটিএম আজহারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
বাকি ১০ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অপর দিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দিয়েছেন আদালত।
এটিএম আজহারের আইনজীবী আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডবিধির ৪৩৫ ধারায় দেড় বছর এবং ১৪৩ দুই ধারায় আসামিদের এই কারাদণ্ডের আদেশ দেন আদালত।
২০১০ সালের নভেম্বরে রাজধানীর মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলার পর এটিএম আজহারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
এটিএম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছে। তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। মামলাটির রিভিউ শুনানি চলছে।