স্পোর্টস রিপোর্টার : করোনাকালীন সময়ের ক্রিকেটের জন্য যে পাঁচটি নতুন নিয়মের প্রবর্তন করেছে আইসিসি, তার মধ্যে অন্যতম হলো ক্রিকেট বলে স্যালাইভা বা লালার ব্যবহার নিষিদ্ধ করা। যে কারণে এখন বলের উজ্জ্বলতা ধরে রাখতে বেগ পেতে হচ্ছে। পুরোনো বলে রিভার্স সুইং আদায়ে বেশ কষ্টই হচ্ছে বোলারদের। বোলারদের বিশেষ করে পেসারদের প্রবল আপত্তির পরেও আইসিসি এখনই এই নিয়মটিকে বদলাতে চাচ্ছেনা। এ সমস্যা সমাধানে অভিনব উপায় বের করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে বিশেষ ধরনের ট্রাউজার পরে খেলবে টাইগাররা। সাধারণ কাপড়ের চেয়ে খানিক ভিন্ন হবে থাইল্যান্ড থেকে আনা কাপড় দিয়ে বানানো এ ট্রাউজার। যাতে করে ট্রাউজারে ঘষে বলের উজ্জ্বলতা বেশি সময় ধরে রাখা যায়। ওয়েস্টইন্ডিজের বিপক্ষে সবশেষ ঘরের মাঠের সিরিজ থেকেই এ বিশেষ ট্রাউজার ব্যবহারের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে সেটি বাস্তবায়িত হয়নি। মূল ম্যাচের বদলে অনুশীলনের জন্য টাইগারদের এ বিশেষ ট্রাউজার সরবরাহ করেছিল জাতীয় দলের জার্সি প্রস্ততকারী প্রতিষ্ঠান স্পোর্টস এন্ড স্পোর্টস। অনুশীলনে খেলোয়াড়দের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার নিউজিল্যান্ড সফরে মূল ম্যাচের জন্যই এ ট্রাউজার তৈরি করে দিয়েছে স্পোর্টস এন্ড স্পোর্টস। আপাতত নিউজিল্যান্ড সফরের জন্য হলেও, ভবিষ্যতে অন্যান্য সিরিজে এ ট্রাউজার সরবরাহ করা হবে কি না তা এখনই নিশ্চিত নয়। বলের উজ্জ্বলতা ধরে রাখার বিষয়টা মূলত টেস্ট ক্রিকেটে বেশি জরুরি। নিউজিল্যান্ড সফরে সাদা পোশাকের সিরিজ না থাকলেও, আগামী এপ্রিলে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। সেই সফরেও বিশেষ ট্রাউজার ব্যবহার করা হবে কি না, তা বোঝা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর।