মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

নিউমার্কেটে সংঘর্ষ: ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে যারা চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলা নিজস্ব গতিতে চলবে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আপনারা জানেন এখানে দুটি হত্যা কিংবা এক্সিডেন্ট যেটাই বলেন, দুটো ঘটনা ঘটেছে। যা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। মৃত্যু কারও জন্য কাম্য নয়, সে যেই হোক। আমরা দেখেছি একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এই সূত্রপাত থেকে বৃহদাকার একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে। এখানে ছাত্র, ব্যবসায়ী, ছোট ছোট খুদে দোকানদার- তারা এই যুদ্ধে লিপ্ত হন। অন্যদের পাশাপাশি সাংবাদিকরাও আহত হয়েছেন। পরে আপনারা দেখেছেন, আমাদের পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। সংঘর্ষের ঘটনায় হতাহত হয়েছে যথেষ্ট।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নিউমার্কেটের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে, মারপিটের মামলা ও ভাঙচুরের মামলা হয়েছে। একটা অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে, সেটারও মামলা হয়েছে। মামলা মামলার গতিতে চলবে। যারা শনাক্ত হবে, যারা চিহ্নিত হবে, ভিডিও ফুটেজ দ্বারা চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত।

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও সংঘর্ষের এ ঘটনায় এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD