ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করে তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন।
স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় ভ্যান হোলেন বলেন, নেতানিয়াহু ‘শুধু মিথ্যাই বলে চলেছেন’। তবে তাঁর মতে, এর চেয়েও গুরুতর বিষয় হলো—নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ভিডিও বার্তায় মার্কিন এই সিনেটর বলেন, ‘প্রধানমন্ত্রী ভাগ্যবান যে যুক্তরাষ্ট্র তাঁকে আমাদের সীমান্তে প্রবেশের অনুমতি দিয়েছে। কিন্তু এতে তাঁর মিথ্যাচার বা যুদ্ধাপরাধ মুছে যায় না।’
ভ্যান হোলেন আরও অভিযোগ করেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর হাতে নিহত মার্কিন নাগরিকদের ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে নেতানিয়াহু অস্বীকৃতি জানিয়ে আসছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আইসিসির পরোয়ানার কারণে নেতানিয়াহুর আন্তর্জাতিক সফর নিয়েও বিভিন্ন দেশে আইনি ও রাজনৈতিক বিতর্ক রয়েছে।
নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ভ্যান হোলেন বলেন, তাঁর বক্তব্যে করা অভিযোগগুলো বাস্তবতা পরিবর্তন করে না। তিনি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এবং তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ভ্যান হোলেনের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে নেতানিয়াহু ইসরায়েলের সামরিক অভিযান ও গাজা যুদ্ধ নিয়ে তাঁর অবস্থান তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে নেতানিয়াহু নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমালোচনা করে তাঁকে হামাস-সমর্থক হিসেবে অভিযুক্ত করেছিলেন।
এদিকে, ইসরায়েল নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ইসরায়েলি সরকার বলছে, গাজায় তাদের সামরিক অভিযান হামাসের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। আল জাজিরা