ভারতের রণথম্বোর জাতীয় উদ্যানের কাদাময় সড়কে হঠাৎই তৈরি হলো অদ্ভুত এক যানজট। তবে এর পেছনে ছিল না কোনো দুর্ঘটনা কিংবা গাড়ির বিকল হয়ে যাওয়া। রাস্তার মাঝখানে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল একটি বিশালাকৃতির বাঘ। আর বনের রাজার ঘুমে ব্যাঘাত না ঘটিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ।
রাজস্থানের বিখ্যাত রণথম্বোর জাতীয় উদ্যানে সাফারিতে গিয়ে এমন বিরল দৃশ্যের সাক্ষী হন পর্যটকরা। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক সাড়া ফেলেছে।
এলেনা নামের এক বিদেশি পর্যটক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। এতে দেখা যায়, ধুলোময় সাফারি পথের মাঝখানে আয়েশ করে শুয়ে রয়েছে একটি বাঘ। তাকে বিরক্ত না করে দূরে দূরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রায় ৩০টি পর্যটকবাহী জিপ।
বাঘটির কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে পর্যটকরা নীরবে অপেক্ষা করতে থাকেন। কেউ ক্যামেরায় মুহূর্তটি ধারণ করছেন, আবার কেউ ফিসফিস করে কথা বলছেন। বাঘটি অবশ্য এসবের কোনো কিছুতেই যেন কর্ণপাত করছে না।
কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ায় বাঘটি। শরীর ঝাড়া দিয়ে আলস্য কাটিয়ে নেয়। এরপর উপস্থিত পর্যটকদের একেবারেই উপেক্ষা করে শান্তভাবে জঙ্গলের ভেতরে চলে যায়। আর তখনই স্বাভাবিক হয় ‘যান চলাচল’।
ভিডিওটির ক্যাপশনে এলেনা রসিকতা করে লিখেছেন, ভারতের চিরচেনা যানজট যদি রাজকীয় হয়, তাহলে সেটি এমনই হতে পারে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ইতোমধ্যে এতে প্রায় ছয় লাখের বেশি ভিউ এবং হাজার হাজার লাইক পড়েছে। বাঘটির এমন নিশ্চিন্ত আচরণ নিয়ে নেটিজেনরাও মজার নানা মন্তব্য করছেন।
কেউ লিখেছেন, বনের রাজা নিজের ইচ্ছামতোই চলেন—এ দৃশ্য যেন তারই প্রমাণ। আবার কেউ মন্তব্য করেছেন, বাঘটি হয়তো পর্যটকদের মনে করিয়ে দিয়েছে, জঙ্গলটি শেষ পর্যন্ত কার নিয়ন্ত্রণে।
সূত্র: এনডিটিভি