রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লাখ টাকা উদ্ধার ও দুটি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, কোতয়ালি থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক হতে ৮০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লক্ষ টাকা উদ্ধার ও দুটি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করে গণমাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। দিনেদুপুরে ঘটে যাওয়া ওই চাঞ্চল্যকর ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।
দায়ের করা একটি মামলায় চারজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মী।
লাইট নিউজ/আই