ঈদ যাত্রায় ঢাকা-শরীয়তপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও বল প্রয়োগের অভিযোগে পদ্মা ট্রাভেলসসহ ৬টি বাসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৯ জুলাই) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে শরীয়তপুর আসা পদ্মা ট্রাভেলস, শরীয়তপুর পরিবহন, গ্লোরী পরিবহন, ফেম পরিবহন, প্রচেষ্টা পরিবহন ও শরীয়তপুর সুপার সার্ভিসের বাস যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও বল প্রয়োগের অভিযোগে জাজিরার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাসগুলোকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে পদ্মা ট্রাভেলসের চেয়ারম্যান শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে “শরীয়তপুর পরিবহন”-এর একটি বাসে শরীয়তপুরে আসছিলেন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ। এ সময় ওই বাসের যাত্রীদের থেকে ২৫০ টাকার ভাড়া ৩০০ টাকা করে নেওয়া হচ্ছিল। বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় সাংবাদিক পারভেজসহ আরো কয়েকজন যাত্রীকে মারধর করে পরিবহন শ্রমিকরা। এতে পারভেজ আহত হন। এছাড়াও অন্য প্রতিবাদকারী যাত্রীদের বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়।
পারভেজ বিষয়টি শরীয়তপুরের সাংবাদিক ও পুলিশকে জানায়। বিকাল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর পরিবহনের ওই বাসটি পালং থানা পুলিশ আটক করে। এ ঘটনায় শরীয়তপুরে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে নড়চড়ে বসে প্রশাসন। তারই ধারাবাহিকতায় ঢাকা-শরীয়তপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫ বাসকে ৫০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভিন্নবার্তা/এমএসআই