রাজবাড়ী জেলার পাংশা উপজেলা থেকে অস্ত্র ও ৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর ফরিদপুরের সদস্যরা। বৃহস্পতিবার রাতে পাংশা উপজেলার ভট্টাচার্য গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা দল জানতে পারে, ওই মাদক ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ ইয়াবাসহ রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ভট্টাচার্য গ্রামে বিক্রির জন্য অবস্থান করছে।
ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পাংশা থানার ভট্টাচার্য গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুজ্জান (আরিফ) (৩৩), মোঃ মিন্টু মন্ডল(২৯) ও মোঃ মামুন শিকদারকে (৩১) গ্রেপ্তার করে।
এ সময় আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৯ হাজার ২০০ পিস ইয়াবা, মাদকদ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত নয়টি সিমকার্ডসহ ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আসামিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় একে অপরের সহায়তায় এলাকাবাসীদেরকে অস্ত্রের হুমকি দেখিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।