সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

পাটুরিয়া প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের জন্য পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ রয়েছে তিন শতাধিক যানবাহন। নৌরুট পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো অধিকাংশই পণ্যবাহী ট্রাক।

যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরী পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপারের সুযোগ দেওয়ায় বিপাকে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালকেরা। আধ ঘণ্টার নৌরুট পারাপারের জন্য পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। যার মধ্যে আড়াই’শ হচ্ছে পণ্যবাহী সাধারণ ট্রাক। বাকিগুলো যাত্রীবাহী বাস। ঘাট এলাকায় অপেক্ষমাণ ছোট গাড়ির কোনো সারি নেই।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারি ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পরিমাণে পণ্যবাহী ট্রাক আসছে। যে কারণে নদী পারাপারের জন্য ঘাট এলাকায় তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষমাণ থাকতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট ফেরি হাসনাহেনা মেরামতে থাকায় যানবাহন পারাপারে কিছুটা বিঘ্ন হচ্ছে। ঘাট এলাকায় জমে যাচ্ছে যানবাহনের সারি। সিরিয়াল অনুযায়ী জমে থাকা ট্রাকগুলো নৌরুট পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD