বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় ঘরের তালা ভেঙ্গে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় জেলার লামা উপজেলার চম্পাতলী এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে মাসহ দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), বড় মেয়ে রাফি (১৩) ও ছোট মেয়ে নুরি (১০ মাস)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম ৩ সন্তানসহ ১নং ওয়ার্ডের চম্পাতলীর নিজ ঘরে বসবাস করত। শুক্রবার সন্ধ্যায় ঘর তালাবদ্ধ দেখে পার্শ্ববর্তী প্রতিবেশীরা জানালা দিয়ে দেখলে ঘরের মেঝেতে মা ও ছোট মেয়েকে পড়ে থাকতে দেখে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙ্গে মা মাজেদা বেগম, মেয়ে রাফি ও ১০ মাসের কন্যা শিশু নুরির লাশ উদ্ধার করে। তবে কিভাবে তারা মারা গেছে তা এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ বলেন, পুলিশ ময়না তদন্তের জন্য লাশ বান্দরবান হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। তাদেরকে হত্যা করা হয়েছে, নাকি তারা আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
লাইট নিউজ